করোনায় কর্মহীন বাদককে সবজিভর্তি ভ্যানগাড়ি উপহার
বিয়ের অনুষ্ঠানে বাদ্য-বাজনা বাজিয়ে সংসারের খরচ চালাতেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিরাজনগর গ্রামের মঞ্জু বাদ্যকর। করোনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিবাহের অনুষ্ঠান হলেও বিধিনিষেধ থাকায় কমে গেছে বাদ্য-বাজনার কদর। বিয়েবাড়িতে তাই আর ডাক পড়ে না মঞ্জুর। দুই বছর ধরে অনেক কষ্টে জীবন চালাচ্ছিলেন তিনি। আয়ের পথ বন্ধ থাকায় প্রায় দিশেহারা মঞ্জু কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরছিলেন।
কর্মহীন মঞ্জুর কথা জানতে পারেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের রোটারিয়ানরা। কর্মসংস্থানের লক্ষ্যে তাঁরা মঞ্জুর কাছে তুলে দেন একটি ভ্যানগাড়ি। সেই ভ্যানগাড়িতে ছোট ছোট ঝুড়িতে সাজানো রয়েছে শসা, ঝিঙে, কাঁচা মরিচ, ঢ্যাঁড়স, গাজর, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের সবজি। এখন থেকে মঞ্জুকে কাজের সন্ধানে আর ঘুরতে হবে না। নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি করেই পরিবারের খরচ জোগাতে পারবেন তিনি।
রোববার দুপুরে শহরের কলেজ সড়কে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মঞ্জু বাদ্যকরের কাছে সবজিসহ ভ্যানগাড়িটি তুলে দেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সদস্যরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেটের ডিস্ট্রিক্ট ট্রেইনার অবসরপ্রাপ্ত কর্নেল এম আতাউর রহমান পীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি হুমায়ূন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন।
সবজিসহ ভ্যানগাড়ি পেয়ে বেশ খুশি মঞ্জু বাদ্যকর। প্রথম আলোকে তিনি বলেন, ‘করোনায় কাজ হারিয়ে মানুষের কাছে হাত পেতে সাহায্য চেয়ে কোনোরকমে দিন যাচ্ছিল আমার। কোনো কাজও পাচ্ছিলাম না। অভাব-অনটনে খুব কষ্টে দিন যাচ্ছিল আমার। এই কঠিন সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে রোটারি ক্লাব। তাদের কাছে আমি কৃতজ্ঞ। এখন থেকে ঘুরে ঘুরে সবজি বিক্রয় করব। সবজি বিক্রির আয় দিয়ে আমার সংসার চলবে।’
রোটারি জেলা (৩২৮২)–এর সাবেক সহকারী গভর্নর অভিনাশ আচার্য প্রথম আলোকে বলেন, ‘রোটারি ক্লাব থেকে আমরা প্রতিবছর আত্মকর্মসংস্থানের জন্য একজনকে খুঁজে বের করি। আত্মকর্মস্থানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা তুলে দিই। এ বছর আমরা মঞ্জু বাদ্যকরকে দিয়েছি।’