করোনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজহারুল হকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আজহারুল হক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজহারুল হক (৫৩) করোনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক দীন মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক দীন মোহাম্মদ জানান, বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রক্টর ছিলেন অধ্যাপক আজহারুল হক। তিনি পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা সদরে। আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে।

অধ্যাপক আজহারুল হকের মৃত্যুতে শোক জানিয়ে পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। নিয়মিত খেলাধুলা করতেন। জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর বেশ সুনামের সঙ্গে শিক্ষকতা পেশা চালিয়ে যাচ্ছিলেন। মৃত্যুর আগে তাঁর কোনো শারীরিক জটিলতা ছিল না। তাঁর স্ত্রী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত এবং তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা পরিবারসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক এলাকায় থাকতেন।

জানা যায়, গত ২৭ জুলাই আজহারুল হক করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ জুলাই তাঁকে গত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। করোনার পাশাপাশি তাঁর ডেঙ্গুও ধরা পড়েছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অধ্যাপক আজহারুল হক ১৯৯৭ সালে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি ওই বিভাগের অধ্যাপক হন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক, হলের প্রভোস্টের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।