করোনায় খুলনা বিভাগে মৃত্যুহীন দুই দিন
খুলনা বিভাগে গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ২৪ ঘণ্টায় ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬০ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ১।
আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিভাগে আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ১৬। ওই সময়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৪৬। মৃত্যুর হার ২ দশমিক ৮। খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৭ এবং সর্বনিম্ন সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৯৯২ জন। টানা ১৩৩ দিন পর করোনা রোগীর সংখ্যা ২ হাজারের নিচে নামল। গত ২৮ মে করোনায় আক্রান্ত হয়ে বাসায় আর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৯৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পাঁচজন করে। এ ছাড়া খুলনায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট ও মাগুরায় কারও করোনা শনাক্ত হয়নি। বাগেরহাটে কোনো পরীক্ষাও হয়নি।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৯০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায়, শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৫৬।