করোনায় গোয়ালন্দে এক নারী শিক্ষকের মৃত্যু
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মারা যাওয়া ওই নারীর নাম মমতাজ বেগম (৬৬)। তিনি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তাঁর স্বামী মৃত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুল আজিজ। লেখক রাজু শিকদার ও দৈনিক সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদারের মা মমতাজ বেগম।
সাংবাদিক আসজাদ হোসেন জানান, সম্প্রতি তাঁর মায়ের জ্বর ও সর্দি দেখা দিলে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার তাঁর করোনার নমুনা সংগ্রহ করা হয়। আর সোমবার তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তাঁর মা মারা যান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মমতাজ বেগম গোয়ালন্দ উপজেলার প্রথম নারী শিক্ষক। ১৯৭২ সালে গোয়ালন্দ উপজেলার বালিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ে তিনি যোগ দেন। ২০১৩ সালে হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।