করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

চারদিকের হতাশা, ভয়, আতঙ্ক, আশঙ্কা আর মৃত্যু। প্রচণ্ড মানসিক চাপ। প্রতিদিন চারপাশে বেড়ে চলছে আক্রান্ত আর মৃত্যুর পরিধি। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মনে হয় নিজেরাই কেমন যেন অসামাজিক, একঘরে হয়ে পড়ছি। আত্মীয়–পরিজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সবাই সবার কাছে অথচ অনেক অনেক দূরে।
তবে এর মধ্যেও প্রাপ্তিও কিছু কম নয়। বাধ্যতামূলক ঘরবন্দী এই জীবনে পেয়েছি নতুন কিছু অভিজ্ঞতা। কর্মজীবী মা হিসেবে ছোট সন্তানের বেড়ে ওঠার বিভিন্ন ধাপ অবলোকনের সৌভাগ্য তেমন পাওয়া না গেলেও এখন উপলব্ধি করতে পারছি, তাদের বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়। যেমন ধরা যাক আমার পাঁচ বছরের মেয়ের নিত্যনতুন খেলা আবিষ্কার আর সারা দিনের দুরন্তপনা আমাকে নিয়ে যায় নিজের রঙিন সেই শৈশবে।
সেখানে ছিল মুক্ত হাওয়া, নীল আকাশ, সবুজ প্রান্তর, অবারিত স্বাধীনতা, অনেক খেলার সাথি, অতি অল্পতেই তুষ্ট হওয়ার আনন্দ, সারা দিন ছোটাছুটি, খেলাধুলা আর সন্ধ্যায় ঘরে ফিরে মায়ের বকুনি। উপলব্ধি করি এ প্রজন্মের সেই স্বাভাবিক মুক্তির স্বাদ থেকে বঞ্চিত হওয়া।
আজকাল নিজেকে মনে হয় একটা সেতুর মতো, যার একপাশে রয়েছে মুক্ত হাওয়ার অপার আনন্দের এক শৈশব আর অপর প্রান্তে আছে এ প্রজন্মের চার দেয়ালে ঘেরা বস্তুগত প্রাচুর্যে ভরা নীরস এক শৈশব। নিজেকে বড় ভাগ্যবান মনে হয় প্রকৃতির কোলে বেড়ে ওঠার সেই আনন্দে ভরা দিনগুলোর কথা ভেবে আর দুঃখ হয় এ যুগের সন্তানদের কথা ভেবে যারা সেই অকৃত্রিম আনন্দ থেকে বঞ্চিত। তবে মজার ব্যাপার হলো ‘Ignorance is Bliss’ এ কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ চাহিদা তৈরি হওয়ার আগেই তা পেয়ে যাওয়ার কারণে অনেক অপেক্ষার পর ছোট্ট একটা কিছু উপহার পাওয়ার কি অপার আনন্দ সেই স্বাদ তারা পায় না।
আমাদের শৈশবে ছিল অগণিত বন্ধুবান্ধব, খেলার সাথি, পড়ার সাথি, মক্তবের সাথি, যারা ছিল বিভিন্ন বয়সের, একান্নবর্তী পরিবারের ভাইবোনের সখ্য, মারামারি আর পারস্পরিক সুখ–দুঃখ ভাগাভাগি করার সুযোগ।
আর এ যুগের শিশুদের সঙ্গী তো কেবল বস্তুগত কিছু খেলনা, কম্পিউটার, টিভি কিংবা মোবাইলের ভার্চ্যুয়াল জগতের বাসিন্দা। পরিবর্তিত সমাজ বাস্তবতায় আমরাও আমাদের শিশুসন্তানকে মুক্তভাবে মিশতে দিতে পারি না এমনকি পাশের ফ্ল্যাটের তার সমবয়সী শিশুটির সঙ্গে।
ঘরবন্দী এই সময়টায় মা হিসেবে নিজেকে আর একটু দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি, সন্তানদের কথা মনোযোগ দিয়ে শুনি, পছন্দের খাবার তৈরি করি, তাদের সঙ্গে খেলাধুলা করি।
আরেকটা বাস্তব উপলব্ধি হলো এ যুগের মায়েরা অনেক বেশি মানসিক চাপে আছি সন্তান প্রতিপালনে। আর্থিক স্বাবলম্বিতা থাকলেও পারিপার্শ্বিক অস্থির সামাজিক অবস্থার কারণে বর্তমান সময়ের মায়েরা অনেক আতঙ্কিত সন্তানের বেড়ে ওঠা নিয়ে। মাঝেমধ্যে হতাশ হয়ে পড়ি; সন্তানের শারীরিক ও মানসিক বিকাশের সঠিক দায়িত্ব পালন করতে পারছি তো! আবার কখনো কখনো নিজেকে নিজেই পুরস্কৃত করি। মাতৃত্বকে নতুনভাবে আবিষ্কার করি, শ্রদ্ধা নিবেদন করি মা ও শাশুড়ি মাকে তাঁদের সফল মাতৃত্বের জন্য।
করোনাকালে আরও একটি চমৎকার উপলব্ধি হলো গৃহিণীদের পরিকল্পনা, ব্যবস্থাপনা, ধৈর্য ও বুদ্ধিমত্তা যা দিয়ে সংসার নামক জটিল আদিম প্রতিষ্ঠানটিকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছেন। আর ভিত্তি প্রতিষ্ঠিত করছেন সমাজের অন্য সব প্রতিষ্ঠানের। কাজেই গৃহিণীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে প্রাপ্য কৃতিত্ব আর সম্মান প্রত্যাশিত। কর্মক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা আছে, আছে নির্দিষ্ট কর্মপরিধি। কিন্তু সংসার নামক কর্মক্ষেত্রে নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা কিংবা কর্মপরিধি। সকাল থেকে রাত অবধি চলছে তো চলছেই।
শিক্ষাপ্রতিষ্ঠান কর্মস্থল হওয়ায় নিজে ঘরে থাকার সুযোগ পেলেও ব্যাংকার স্বামীর নিয়মিত অফিসে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকেও এখনো বেঁচে আছি, সুস্থ আছি কম কিসে! আলহামদুলিল্লাহ।
চারদিকে হতাশা আর মন ভাঙা খবরের এই সময়ে চেষ্টা করছি, যতটা সম্ভব সময়টাকে কাজে লাগাতে। করছি তথ্যপ্রযুক্তির সর্বোৎকৃষ্ট ব্যবহার, অনলাইন ভিত্তিও ক্লাস তৈরি ও প্রেজেন্টেশন, কিছু শখের কাজ, বইপড়া কিংবা লেখালেখি। সব মিলিয়ে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে নিজেদের কিছু অভ্যাস পরিবর্তন করে, নীতিনৈতিকতা জাগ্রত করেই টিকে থাকতে হবে আমাদের এ ধারায়।
*লেখক: সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা