রংপুর
করোনায় চরম সংকটে সাংস্কৃতিক কর্মীরা
বাড়ি বাড়ি গিয়ে যেসব সংগীতশিল্পী গান শিখিয়ে জীবিকা নির্বাহ করতেন, তাঁদের অবস্থা খুবই করুণ।
করোনার কারণে রংপুরের সংস্কৃতিকর্মীরা সংকটে পড়েছেন। বিশেষ করে পেশাদার শিল্পীদের অবস্থা খুবই নাজুক। নেই কোনো অনুষ্ঠান। বিভিন্ন সংগীত একাডেমি ও বাড়ি বাড়ি গিয়ে শিল্পীদের গান শেখানোও বন্ধ।
জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোট ও গ্রুপ থিয়েটার ফেডারেশন সূত্র জানায়, জেলা শহরসহ আট উপজেলায় সংগীত, নৃত্য, যন্ত্রী, নাট্যশিল্পী ও সংগঠক রয়েছেন প্রায় তিন হাজার। তাঁদের মধ্যে যাঁরা গানের শিল্পী ও যন্ত্রী দলে কাজ করেন, তাঁদের অধিকাংশই পেশাদার। করোনার শুরু থেকে নেই কোনো অনুষ্ঠান। বাড়ি বাড়ি গিয়ে যেসব সংগীতশিল্পী গান শিখিয়ে জীবিকা নির্বাহ করতেন, তাঁদের অবস্থা খুবই করুণ। লজ্জায় তাঁরা কারও কাছে হাত পাততেও পারছেন না। এরই মধ্যে শিল্পীদের জমানো টাকাও ফুরিয়ে গেছে। তবে চুপিচুপি এর-ওর কাছ থেকে অর্থ নিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য রাজ্জাক মুরাদ বলেন, করোনাকালে এ পর্যন্ত সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জেলা শহরসহ আট উপজেলার মাত্র নয়জনকে এককালীন পাঁচ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মাত্র ৭০ জন শিল্পীকে এককালীন ১০ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এত শিল্পীর মধ্যে কয়েকজনকে প্রণোদনার টাকা বিতরণ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তা–ও আবার এককালীন। সামান্য এই টাকা দিয়েই–বা একটি পরিবারের কত দিন চলবে? তাই শিল্পীদের বাঁচিয়ে রাখতে প্রণোদনা আরও অনেক বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
নাম প্রকাশ না করে একজন রবীন্দ্রসংগীতশিল্পী বললেন, ‘আমার একটি গানের একাডেমি চলত। করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে সেটি বন্ধ রয়েছে। এ ছাড়া কয়েকটি বাড়িতেও গান শেখাতাম। তা–ও বন্ধ। গান শিখিয়ে যা অর্থ উপার্জন হতো, তা দিয়েই চলত সংসার। এখন কীভাবে সংসার চলছে, তা মুখ ফুটে কাউকে বলাও সম্ভব নয়। ইতিমধ্যে অনেক ধারদেনা হয়েছে।’
জেলার সংস্কৃতিচর্চার প্রধান কেন্দ্রস্থল টাউন হল চত্বর। সেখানে অনেকগুলো সাহিত্য, সংস্কৃতি ও নাট্য সংগঠনের কার্যালয় রয়েছে। এসব
সংগঠনের সঙ্গে জড়িত সংস্কৃতিকর্মীদের পদচারণে মুখর ছিল এ চত্বর। সেখানে এখন হাতে গোনা শিল্পীদের দেখা মেলে।
একই সঙ্গে নানা অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের অবস্থা আরও নাজুক। কেননা, একটি সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানের সঙ্গে সাত থেকে আটজন কর্মী রয়েছেন। তাঁরা এখন বেকার হয়ে পড়েছেন। কেননা, কোনো কাজ নেই।