করোনায় তৃতীয় দিনের মতো মৃত্যুশূন্য খুলনা বিভাগ, শনাক্ত ৭৯
খুলনা বিভাগে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এতে টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যুশূন্য থাকল এ বিভাগ।
এই সময়ে ১ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৬। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। আগের দিন ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ শনাক্তের সংখ্যা বেড়েছে, তবে কমেছে শনাক্তের হার। এর আগের দিন শনিবার বিভাগে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার বাগেরহাট জেলায়, ২২ দশমিক ৭৩। আর সর্বনিম্ন শনাক্তের হার চুয়াডাঙ্গায় ১ দশমিক ৯। নতুন শনাক্ত ৭৯ জনের মধ্যে মেহেরপুর জেলার সর্বোচ্চ ১৫ জন। এ ছাড়া যশোর ও কুষ্টিয়ায় ১৪ জন করে, খুলনায় ১১, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও মাগুরায় ৫ জন করে, ঝিনাইদহে ও নড়াইলে ৪ জন করে এবং সাতক্ষীরায় ২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়েছেন ৭০৯ জন।
খুলনা বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৫৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৭০ জনের। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫৭৬ জন। বিভাগে বর্তমানে ৫ হাজার ৭৩৫ করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৩৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, সংক্রমণের হার প্রতিদিনই কমছে। চিকিৎসাধীন রোগীও কমে আসছে। তবে এখনো করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।