করোনায় নোয়াখালীর আরও দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০

করোনাভাইরাসে সংক্রমিত নোয়াখালীর আরও দুজনের মৃত্যু হয়েছে। একজন মারা গেছেন জেলা শহরের কোভিড-১৯ হাসপাতালে; অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১২৯ জনে। এর মধ্যে মারা গেছেন ৬৫ জন। আজ শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় ও কোভিড হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলার সিভিল সার্জন মাসুম ইফতেখার শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, নতুন মারা যাওয়া দুজনের একজন সেনবাগ পৌরসভার বাসিন্দা। অপরজনের বাড়ি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায়। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, বেগমগঞ্জে একজন, সোনাইমুড়ীতে তিনজন, সেনবাগে ছয়জন, কোম্পানীগঞ্জে আটজন, কবিরহাট উপজেলায় ছয়জন রয়েছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন সাতজন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ২৯২ জন।
জেলা শহরের কোভিড-১৯ হাসপাতালের সমন্বয়ক চিকিৎসক নিরুপম দাশ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার এক বাসিন্দা (৬৫) তীব্র শ্বাসকষ্ট নিয়ে কোভিড হাসপাতালে আসেন। তখন তাঁর রক্তে অক্সিজেনের মাত্রাও অনেক কম ছিল। ওই মুহূর্তে রোগীর উচ্চ ক্ষমতার অক্সিজেন সাপোর্ট দরকার ছিল। স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছিল রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার। কিন্তু তাঁরা না নিয়ে জোর করে ভর্তি করে যান। এরপর আজ শুক্রবার সকাল ছয়টার দিকে ওই রোগী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নির্ণয় পাল প্রথম আলোকে বলেন, গত রোববার সকালে সেনবাগ পৌরসভার বাবুপুর এলাকার বাসিন্দা (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেন। পরদিন সোমবার রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। মঙ্গলবার সকালে ওই রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।