করোনায় বনে গেলেন উদ্যোক্তা

করোনাকালে অনেকেই নিত্যপণ্য কেনার জন্য বাইরে বের হন না।তাই ক্রেতাদের সুবিধার জন্য অনলাইনে পণ্য বিক্রি শুরু হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতারা জরুরি বৈঠক করছেন। সম্প্রতি নগরের জিলা স্কুল মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

পরিবারে একবার খাঁটি শর্ষের তেল প্রয়োজন পড়ল। চিন্তা করলেন, কোনো দোকান থেকে না কিনে শর্ষে কিনে তা ভাঙিয়ে তেল করিয়ে নেবেন। শর্ষে যখন ভাঙানো হবে তাহলে একটু বেশি করেই ভাঙানো যাক। খাঁটি শর্ষের তেলের তো খুব চাহিদা। নিজের হাতে ভাঙানো খাঁটি শর্ষের তেল বিক্রি করা হবে বলে ফেসবুকে স্ট্যাটাস দিলেন। ব্যাপক সাড়া পড়ল তাতে।

যাঁর কথা বলা হচ্ছে, তিনি পেশায় একজন কলেজশিক্ষক। নাম মো. নাসের সরকার। সেবার শর্ষে ভাঙিয়ে তেল আর করা হয়নি। কিন্তু ফেসবুকে লেখার পর মানুষের যে সাড়া পড়েছিল, সে অভিজ্ঞতা কাজে লাগল আরও প্রায় এক বছর পর। করোনা–আতঙ্কের সময়ে। পুরো করোনাকালে অনলাইনে ফরমাশ পেয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে হয়ে উঠেছেন পুরোদস্তুর ব্যবসায়ী।

শুধু নাসের সরকারই নন, করোনার এ সময় ময়মনসিংহে অনলাইন মাধ্যমে বিভিন্ন পণ্যের ব্যবসা বহুগুণে বেড়েছে। আর এ ধরনের ব্যবসায় গত প্রায় এক বছরে যুক্ত হয়েছেন হাজারো তরুণ–তরুণী। ওই সব তরুণ উদ্যোক্তা নিজেদের উদ্যোগে অনলাইন গ্রুপ খুলে ব্যবসা করছেন। পাশাপাশি নিজের পণ্যের প্রচার করে চলছেন।

অনলাইনভিত্তিক ওই সব গ্রুপে কাজ করা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাভাইস ছড়িয়ে পড়ার পর শুরুতে মানুষের মধ্যে খুব বেশি আতঙ্ক ছিল। মানুষ ঘর থেকে বের হতে সাহস পেত না। অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্যও ঘর থেকে বের হতো না। ওই সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে অনেকেই খুব সামান্য লাভে আবার অনেকেই স্বেচ্ছাশ্রমে মানুষের বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে শুরু করেন। এভাবে গত প্রায় ১১ মাসে ময়মনসিংহে অনলাইনে পণ্যের ব্যবসা জনপ্রিয় হয়েছে। যুক্ত হয়েছে হাজারো উদ্যোক্তা।

মো. নাসের সরকার বলেন, ‘করোনার সময়ে মানুষের প্রয়োজনের কথা ভেবেই প্রথম নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসা শুরু করি। বর্তমানে আমি এককভাবে “দেশীয় স্বাদ” নামের একটি গ্রুপ খুলে পাবনার ঘি, ফুলবাড়িয়ার হলুদ, নান্দাইলের মরিচ, চ্যাপা শুঁটকিসহ বিভিন্ন পণ্য বিক্রি করছি। পাশাপাশি আমার আরও দুই বন্ধুর সঙ্গে মিলে ‘সেভ ডেলিভারি’ নামে আরও একটি গ্রুপ খুলে ব্যবসা করছি। এখানে আমরা মানুষের বাড়িতে যেকোনো ধরনের পণ্য পৌঁছে দিই। গত কয়েক মাসে ভালো সাড়া পেয়েছি।’

অনলাইনের এসব উদ্যোক্তা জানান, করোনাকালে ময়মনসিংহে অন্তত ১ হাজার মানুষ অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্যের ব্যবসা করছেন। মসলা থেকে শুরু থেকে গরুর দুধ, ঘি, পোলাওয়ের চাল, চ্যাপা শুঁটকি এমনকি ছোট মাছ কেটেও বিক্রি করা হচ্ছে।

ময়মনসিংহ উদ্যোক্তা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সেলিমা আজাদ বলেন, করোনার সময় ময়মনসিংহে অনলাইনভিত্তিক ব্যবসায়ী বেড়েছে। তাঁদের ব্যবসার জন্য চাই নিরাপদ প্ল্যাটফর্ম। বিভিন্ন গ্রুপে উদ্যোক্তা তাঁদের পণ্য বিক্রি ও প্রচার করছেন। ওই সব গ্রুপকে আরও বেশি আস্থা সৃষ্টি করতে হবে।