করোনায় বেড়েছে আনারসের চাহিদা, মধুপুরে চাষির মুখে হাসি
করোনার জন্য এবারের মৌসুমে টাঙ্গাইলে মধুপুরের আনারসের চাহিদা বেড়েছে। তাই ভালো দাম পাচ্ছেন চাষিরা। এতে আনারস চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের মুখে হাসি ফুটেছে।
কৃষি বিভাগের কর্মকর্তা, আনারসচাষি এবং আনারসের পাইকারি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
মধুপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে প্রায় সাড়ে ১৪ হাজার একর জমিতে আনারস চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ৫০ একর বেশি। প্রতি একরে গড়ে ১৩ হাজারটি করে আনারস উৎপাদিত হয়। এ ছাড়া মধুপুরের পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলা, ময়মনসিংহের ফুলবাড়িয়া ও মুক্তাগাছা এবং জামালপুর সদর উপজেলায় প্রায় সাত হাজার একর জমিতে আনারস চাষ হয়েছে। মধুপুর এবং পার্শ্ববর্তী এসব উপজেলায় উৎপাদিত আনারস মধুপুরের জলছত্র ও গারোবাজার পাইকারি হাটের মাধ্যমে বিপণন করা হয়।
১৩ আগস্ট সরেজমিনে ওই হাট দুটিতে গিয়ে কথা হয় আনারস বিক্রি করতে আসা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে। তাঁরা বলেন, গত বছরের তুলনায় এবার অনেক বেশি দামে আনারস বিক্রি হচ্ছে। এ বছর মানভেদে প্রতিটি আনারস ২৫ থেকে ৬৫ টাকা করে বিক্রি হচ্ছে। গত বছর মানভেদে আনারস বিক্রি হয়েছে ১৫ থেকে ৪৫ টাকা দরে।
কয়েকজন ব্যবসায়ী বলেন, করোনাকালে জ্বর ও ঠান্ডাজনিত রোগে এবার আনারস মানুষ বেশি খাচ্ছে। তাই এর চাহিদা বেশি বেড়েছে। এ জন্য চাষিরা ভালো দাম পাচ্ছেন আনারস বিক্রি করে।
গারোবাজার হাটের আনারসের পাইকারি ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, গত জুন মাসের শেষ দিকে আনারস উঠতে শুরু করেছে। চলবে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। বিভিন্ন এলাকা থেকে চাষিরা গারোবাজার ও জলছত্র হাটে এনে প্রতিদিন আনারস বিক্রি করছেন। পাইকারেরা কৃষকের কাছ থেকে কিনে ট্রাকে ভরে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। অন্যবারের চেয়ে এবার আনারসে চাহিদা অনেক বেশি। তাই হাট দুটি জমজমাট। আনারসচাষি, ক্রেতা, বিক্রেতাসহ এর সঙ্গে জড়িত সবাই খুব খুশি।
হাটের অপর ব্যবসায়ী আবুল কালাম জানান, শুধু গারোবাজার হাট থেকেই প্রতিদিন ৫০ থেকে ৬০ ট্রাক এবং সিএনজি ও ব্যাটারিচালিত শতাধিক অটোরিকশায় আনারস যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
মধুপুরের মহিষমারা গ্রামের আনারসচাষি ছানোয়ার হোসেন বলেন, তিনি চার একর জমিতে আনারস চাষ করেছেন। এ পর্যন্ত ২০ হাজার আনারস বিক্রি করেছেন। এখনো প্রায় ৩০ হাজার আনারস জমিতে রয়েছে। এবার অনেক বেশি দামে আনারস বিক্রি করতে পারছেন। এতে এই করোনাকালেও অনেক বেশি লাভবান হতে পারছেন।
বাণিজ্যিক ভিত্তিতে ফল ও সবজি আবাদ করেন মধুপুর উপজেলা সদরের মো. হিরু মিয়া। তিনি বলেন, করোনাকালে কলা বা অন্য সবজি আবাদ করে তেমন লাভবান হওয়া যায়নি। তবে আনারস চাষ করে এবার ভালো দাম পাওয়া যাচ্ছে। এতে অন্য ফসল আবাদ করে কাঙ্ক্ষিত দাম না পেলেও আনারসের দাম পেয়ে পুষিয়ে যাচ্ছে।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আনারসের ফলন ভালো হয়েছে। আর বাজারে আনারসের চাহিদা রয়েছে প্রচুর। তাই চাষিরা ভালো দাম পাচ্ছেন। এতে আনারসচাষিদের মুখে হাসি ফুটেছে।