করোনায় ভাইয়ের মৃত্যুর পর বোন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পোশাককর্মী এক যুবক (৩০) মারা যাওয়ার পর এখন তাঁর বোনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাঁকে হোম কোয়ারেন্টিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই যুবক নারায়ণগঞ্জের পোশাক তৈরির একটি কারখানার কর্মী ছিলেন। গত রোববার কর্মস্থল থেকে বাড়ি ফিরেছিলেন। তিনি জ্বর-শ্বাসকষ্ট, গলাব্যথায় ভুগছিলেন। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে নিজ বাড়িতে তিনি মারা যান। ওই দিনই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পটুয়াখালীতে এসে পৌঁছায়। এবং নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ছিল। ওই যুবকের মৃত্যুর পর তাঁর স্ত্রীসহ পরিবারের ৯ সদস্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ রোববার ওই সব নমুনা পরীক্ষায় ওই যুবকের বোনের ফল পজিটিভ আসে। তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়া যুবকের বোনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। তাঁকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া যুবকের সংস্পর্শে ছিলেন এমন ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে ওই যুবক মারা যাওয়ার পরদিন থেকে দুমকি উপজেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। দুমকি উপজেলা শহরের সঙ্গে সারা দেশের সড়ক ও নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জরুরি ওষুধপথ্য ও পণ্যবাহী যান চলাচল এর আওতামুক্ত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফেরিঘাট ও লঞ্চঘাটে পাহারা ও সড়কে টহল জোরদার করেছে।