করোনায় মারা গেলেন নড়াইল জেলা আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিক আহম্মেদ।

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিক আহম্মেদ (৬৮) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ছিদ্দিক আহম্মেদের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জেলা আওয়ামী লীগ নেত্রী আনজুমান আরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছিদ্দিক আহম্মেদ নড়াইল পৌর সভার আলাদাতপুর (চরেরঘাট) গ্রামে বসবাস করতেন। কিছুদিন আগে তাঁর করোনাভাইরাসের উপসর্গ জ্বর–সর্দি দেখা দেয়। পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর গত ৭ আগস্ট তাঁর প্রতিবেদনে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ আসে। পরদিন ৮ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

ছিদ্দিক আহম্মেদ ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

ছিদ্দিক আহম্মেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন খান, মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ।