করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। আগের দিন (শনিবার) এই বিভাগে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। গতকাল শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত বিভাগে মারা গেছেন তিনজন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত ওই  প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে এ মাসের ২ জুন বিভাগে এক দিনে সর্বোচ্চ ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮২৪। নতুন শনাক্ত ৫০২ জনের মধ্যে রাজশাহী জেলায় ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে এই জেলায় এটি সর্বোচ্চ শনাক্ত।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪২ জন, নাটোরে ২১ জন, নওগাঁয় ২০জন, জয়পুরহাটে ৫২ জন, বগুড়ায় ২৬ জন, সিরাজগঞ্জে ৪ জন ও পাবনায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। এর আগের দিন মারা যান ১১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ৩ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫৯৫। এর মধ্যে সর্বোচ্চ ৩১৮ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫৪ জন, নওগাঁয় ৪৫, নাটোরে ২৭, জয়পুরহাটে ১২, সিরাজগঞ্জে ২৪ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে সর্বোচ্চ ৪৩৯ জন সুস্থ
প্রতিবেদন অনুযায়ী বিভাগে সর্বোচ্চ শনাক্তের দিনে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ব্যক্তি সুস্থ হয়েছেন। এদিন ৪৩৯ জন ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩২ হাজার ২৭৯ জন। আর ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ২০ জন।