করোনায় মৃত্যুর পর পরিবারে ৩ ভাইবোন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর আট দিন পর মাদারীপুরের শিবচর উপজেলায় তাঁর পরিবারের তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের নিয়ে মাদারীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১ জন।

শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২৩, রাজৈর উপজেলা ৭ ও কালকিনি উপজেলায় ১ জন। আজ বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, গত ২৭ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ঢাকার জুরাইনের এক মাংস বিক্রেতা (৫৯) মারা যান। ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন রাতে তাঁর লাশ মাদারীপুরের শিবচরে গ্রামের বাড়িতে আনা হয় এবং নমুনা সংগ্রহের বিষয়টি গোপন করে দাফন করা হয়। ৩০ এপ্রিল তাঁর করোনা শনাক্তের খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে পৌঁছায়। পরে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য কর্মকর্তা ওই বাড়িসহ সংস্পর্শে আসা ২৫টি বাড়িকে লকডাউন ঘোষণা করে। এ সময় মারা যাওয়া ওই ব্যক্তির মেয়ে, তাঁর ভাইয়ের ছেলে ও মেয়ের করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ দুপুরে জেলায় করোনা টেস্টের ১০১টি নমুনার ফল আসে। এর মধ্যে ৩টি পজিটিভ ও ৯৮টি নেগেটিভ প্রতিবেদন আসে।

পজিটিভ রিপোর্ট আসা তিনজনই মারা যাওয়া ওই ব্যক্তির মেয়ে, ভাইপো ও ভাইঝি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘ঢাকাফেরত পরিবারটি শিবচরের নিজ বাড়িতে লকডাউনে আটকা রয়েছে। তাদের পরিবারে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাকিদের চিহ্নিত করতে আমরা কাজ করছি।’
মাদারীপুর সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, নতুন আক্রান্ত তিনজনের তেমন কোনো উপসর্গ এখনো নেই। শনাক্ত হওয়া ওই তিনজনকে তাঁদের বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। তাঁদের অবস্থা বুঝে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডে আনা হবে।