করোনায় যুবকের মৃত্যু, উপজেলা লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলায় করোনায় আক্রান্ত এক যুবক মারা যাওয়ার পর জেলা প্রশাসন উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে। আজ শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুমকি উপজেলায় জরুরি সেবা প্রদানে নিয়োজিত যানবাহন ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুমকি উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে নিজ বাড়িতে ওই যুবক মারা যান। তাঁর বয়স ছিল ৩০ বছর। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যথা নিয়ে ওই যুবক গত রোববার নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন। করোনার উপসর্গ নিয়ে আসার খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই দিন থেকে তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছিলেন। পরদিন ওই যুবকের অবস্থার আরও অবনতি হতে থাকে এবং বৃহস্পতিবার বেলা দুইটায় তিনি বাড়িতেই মারা যান।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়া ওই যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল বিকেলে পটুয়াখালীতে এসে পৌঁছে। নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
দুমকি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান বলেন, ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর পর এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। করোনা সংক্রমণ এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুমকি উপজেলা লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।