করোনায় শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারও জামাত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার কারণে ঐতিহাসিক শোলাকিয়ায় এবার ঈদুল আজহার জামাত হয়নি
ছবি: প্রথম আলো

করোনার প্রার্দুভাবে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এবারও ঈদুল আজহার জামাত হয়নি। জনশূন্য ছিল ঈদগাহ মাঠটি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক এ বছর শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি বলে জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম।

জেলা প্রশাসক বলেন, শোলাকিয়ায় জামাত অনুষ্ঠিত না হলেও শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত বছর ২০২০ সালে করোনা মহামারির কারণে ঐতিহাসিক এই ঈদগাহে ১৯৩তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।

১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম ‘সোয়া লাখিয়া’, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত বলে জনশ্রুতি রয়েছে।

প্রতিবছর দূরদূরান্তের জেলাসহ দেশের বাইরে থেকে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে বড় জামাতে নামাজ আদায় করার জন্য একত্র হতেন। ঈদুল আজহায় তুলনামূলক এ মাঠে মুসল্লির সংখ্যা কম হলেও ঈদুল ফিতরে জনসমুদ্রের কারণে শোলাকিয়া মাঠ পূর্ণ হয়ে আশপাশের সড়ক ও বাড়ির ছাদে ছড়িয়ে পড়তেন।

তবে ২০১৬ সালে ঈদুল ফিতরের দিন মাঠের কাছে জঙ্গি হামলা ঘটনার পর ওই বছর ঈদুল আজহায় কঠোর নিরাপত্তায় মধ্যে স্বল্প পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে আবার মাঠের স্বাভাবিকতা ফিরে আসছিল এবং লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছিল। ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে করোনা মহামারির কারণে এবার নিয়ে পরপর দুই বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার চারটি জামাত অনুষ্ঠিত হয়নি।