করোনায় সহায়তার হাত বাড়ালেন শাহ কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায় আল আমিন বস্ত্রালয়ের সামনে শাকসবজি সাজিয়ে রাখা হয়েছে। এখান থেকে থেকে বিনা মূল্যে শাক নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
ছবি: প্রথম আলো

কাপড়ের দোকানের সামনে ফুটপাতে সারি সারি সাজানো লালশাক, ডাঁটাশাক, পাটশাক, ঢেঁকিশাক। বারান্দা থেকে দুই কদম দোকানের ভেতরে ঢুকলেই দেখা মিলবে বস্তাভর্তি কাঁচা মরিচ, লেবু, শসা, মিষ্টিকুমড়া। মানুষ আসছেন, দেখছেন। প্রয়োজনমতো জিনিস ব্যাগে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু টাকা দিচ্ছেন না।

ব্যতিক্রমী এই দোকানের দেখা মিলবে দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায়। আল-আমিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী শাহ কামাল করোনাকালে নিম্ন আয়ের মানুষকে বিনা মূল্যে শাকসবজি দিচ্ছেন। করোনা শুরু হওয়ার পর এক বছরের অধিক সময় ধরে তিনি এভাবে নিম্ন আয়ের মানুষকে সহায়তা করে যাচ্ছেন। প্রতিদিন দুই শতাধিক মানুষ এখান থেকে শাকসবজি নিয়ে যাচ্ছেন। অনেক সময় মধ্যবিত্তরাও এখান থেকে শাকসবজি সংগ্রহ করেন।

দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকার আল আমিন বস্ত্রালয়ের মালিক শাহ কামাল
ছবি: প্রথম আলো

বিনা মূল্যে সবজি বিতরণ করার কারণ জানতে চাইলে শাহ কামাল বলেন, ‘মানুষকে খাওয়ানো আমার শখ। করোনাকালের শুরুতে একবার সবজির দাম বেড়ে গিয়েছিল। সংক্রমণ এড়াতে বাজারটাকেও নিয়ে যাওয়া হলো গোড়-এ-শহীদ ময়দানে। আমি যে জিনিসগুলো দিচ্ছি, সেগুলো হয়তো দামে কম। কিন্তু অনেকে আছেন ১৫-২০ টাকা ভাড়া খরচ করে সবজি কিনতে যান। এতে নিম্ন আয়ের মানুষের কিছুটা হলেও উপকার হচ্ছে।’

শাহ কামাল আরও বলেন, ‘তাঁর মতো অন্যদেরও নিজ নিজ এলাকায় এই সেবা চালু করা উচিত। কারণ, করোনায় অনেকের অবস্থা নাজুক। সেটা নিজেকে দিয়েও তো বিচার করতে পারি। অবশ্য এ কাজে অনেকেই আমাকে স্বাগত জানিয়েছেন। এই কাজে একধরনের আনন্দ আছে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহ কামালের দোকান ঘুরে দেখা যায়, অনেকেই সবজি নিতে এসেছেন। তাঁদের মধ্যে বিভিন্ন দোকানের কর্মচারী, অটোরিকশাচালক, দরজি, নৈশপ্রহরী, পাহারাদারসহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ রয়েছেন। নিয়ম মেনে এখান থেকে শাকসবজি সংগ্রহ করতে হয়।

এ বিষয়ে শাহ কামাল বলেন, এখান থেকে একজন শাক নিতে পারবেন যেকোনো এক পদের। সবজি নিতে পারবেন এক পদের। লেবু দুটি, কাঁচা মরিচ পরিমাণমতো। অনেক সময় শাহ কামাল নিজেই দোকান থেকে উঠে আসছেন। সবজি তুলে দিচ্ছেন ব্যাগের মধ্যে।

দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায় আল আমিন বস্ত্রালয়ের সামনে সাজিয়ে রাখা নানা ধরনের শাকসবজি। বৃহস্পতিবার দুপুরে তোলা ছবি
প্রথম আলো

শাহ কামালের দোকানে সবজি নিতে এসেছেন রাজবাটি এলাকার অটোরিকশাচালক জীবন রহমান। তিনি জানালেন, ‘আমার এলাকার একজনের কাছে শুনেছি এখানে সবজি বিনা মূল্যে দেওয়া হয়। এসে দেখি ঘটনা সত্য। সবজি নিতে চাইলে আমাকে তুলে নিতে বলেন শাহ কামাল। আমি ডাঁটাশাক, কাঁচা মরিচ ও শসা নিয়েছি।’  

করোনাকালের শুরু থেকেই এখান থেকে শাকসবজি নিয়ে যান নুরজাহান মার্কেটের দোকান কর্মচারী রতন সাহা। তিনি বলেন, প্রায় প্রতিদিন তিনি এখান থেকে শাকসবজি নিয়ে যান। একেক দিন একেক রকমের সবজি এখানে থাকে। কোনো দিন আলু, কোনো দিন বেগুন আবার কোনো দিন লাউ দেওয়া হয়।

ব্যবসায়ী শাহ কামালের এই উদ্যোগের বিষয়ে দিনাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শাহ কামালের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। করোনাকালে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। কয়েক দিন আগে আমি জানতে পেরেছি। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত।’