করোনায় সিরাজগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে আরেক কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বেলা সোয়া ১১টার ওই রোগীর মৃত্যু হয়। 


মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ওই ব্যক্তির নাম জয়গোবিন্দ। তাঁর বয়স ৭৫ বছর। বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁথী গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম (এইও) কোভিডে আরও একজন রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কোভিডের উপসর্গ নিয়ে ওই রোগী ১৯ জুন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০ জুন করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়।

ওই দিন ল্যাবরেটরিতে থেকে আসা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ বেলা ১১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সৎকারের জন্য মরদেহ প্রস্তুত করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঠানো হয়েছে।