করোনায় সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে বিভাগে ৯২৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৮২। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করা হয়েছে ৬৬ হাজার ৫৭১ জনের। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ২২৬ জন।

আজ দুপুর ১২টার দিকে সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

করোনার তৃতীয় ধাপের সংক্রমণ শুরুর পর সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি দৈনিক শনাক্ত ৩০ শতাংশ ছড়িয়ে যায়। এর মধ্যে গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্ত ছিল ৩৯ দশমিক ৪৯ শতাংশ। ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০-এর নিচে নেমে আসে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমে ২-এর ঘরে নেমে এসেছে।

গত এক দিনে করোনা শনাক্ত ২৬ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪ জন। এ ছাড়া সুনামগঞ্জে একজন ও মৌলভীবাজারে একজন শরীরে করোনা ধরা পড়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৪২৯ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, টিকা কার্যক্রম অব্যাহত থাকায় ও টিকাপ্রাপ্তির হার বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের হার কমেছে। এরপরও করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব ও ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।