সিভিল সার্জনের সাক্ষাৎকার
করোনার বন্ধে শিশুদের বাড়ি থাকা পানিতে ডুবে মৃত্যু বাড়িয়েছে
পটুয়াখালীতে এক বছরে পানিতে ডুবে শিশুমৃত্যু দ্বিগুণ হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২০ সালে জেলায় ২৯ শিশু পানিতে ডুবে মারা গেছে। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে হয় ৫৬। কেন এই শিশুমৃত্যু, কীভাবে এমন রোধ করা যায়; এসব নিয়ে প্রথম আলো কথা বলেছে পটুয়াখালীর সিভিল সার্জন এস এম কবির হাসানের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: কোন বয়সী শিশুরা পানিতে ডুবে মারা যাচ্ছে?
এস এম কবির হাসান: পানিতে ডুবে শিশুমৃত্যুর কারণগুলোর মধ্যে অভিভাবকদের অসচেতনতা বড় কারণ। এমনিতে এ অঞ্চলে অনেক খালবিল, পুকুর আর ডোবা–নালা আছে। শিশুরা খেলতে গিয়ে অভিভাবকের অগোচরে বাড়ির পুকুরে অথবা পাশের ডোবা–নালায় পড়ে মারা যাচ্ছে। বেশির ভাগের বয়সই ছয় বছরের নিচে। এই বয়সী শিশুরা সাঁতার জানে না, সাঁতার শেখার উপযোগীও হয় না।
প্রশ্ন :
প্রথম আলো: পটুয়াখালীতে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রায় দ্বিগুণ হয়েছে। এর কারণ কী?
এস এম কবির হাসান: সময়টা করোনাকাল ছিল। স্কুল বন্ধ থাকায় শিশুরা বাড়িতে অবস্থান করেছে। এটা পানিতে ডুবে মৃত্যু বাড়িয়েছে। আবার করোনাকালে আর্থিক সংকটের কারণে শহর থেকে অনেকে ছোট শিশুদের নিয়ে গ্রামের বাড়িতে চলে এসেছেন। মৃত্যুর সংখ্যা বেশি হওয়ার ক্ষেত্রে এটা একটা কারণ।
প্রশ্ন :
প্রথম আলো: পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
এস এম কবির হাসান: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে ১০টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এর তিনটিই বাংলাদেশের সাফল্যের অভিজ্ঞতা থেকে নেওয়া। এগুলো হলো শিশু দিবাযত্ন কেন্দ্র, সাঁতার শেখানো ও প্রাথমিক চিকিৎসা। শিশুমৃত্যু রোধের ক্ষেত্রে বেসরকারি সংগঠন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) নামের একটি সংগঠন কাজ করছে। জেলার কলাপাড়ায় তাদের শিশু দিবাযত্ন কেন্দ্রœএবং ৬ থেকে ১০ বছর শিশুদের সাঁতার প্রশিক্ষণের কার্যক্রম ছিল। তবে করোনার কারণে এক বছর ধরে সংগঠনের এসব কার্যক্রম বন্ধ আছে।
প্রশ্ন :
প্রথম আলো: পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ প্রশাসন থেকে কী করা হচ্ছে?
এস এম কবির হাসান: স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো পানিতে ডুবে শিশুমৃত্যুরোধে অভিভাবকদের সচেতন করতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা চালিয়ে থাকে। বিশেষ করে পুকুরের চারদিকে বেষ্টনী দিয়ে সুরক্ষা দেওয়া, খালের ওপর চলাচলের রাস্তার দুই পাশে বাঁশের বেড়া দিয়ে শিশুদের নিরাপদে চলাচলের ব্যবস্থা করা।
প্রশ্ন :
প্রথম আলো: অভিভাবকেরা তাঁদের শিশুদের সুরক্ষায় কীভাবে আরও সচেতন থাকবেন?
এস এম কবির হাসান: শিশুদের নিরাপদে রাখতে পুকুরের চারপাশে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। অপ্রয়োজনীয় ডোবা–নালা ভরাট করে ফেলা উচিত। পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দেন তিনি।