করোনা-জীবনে উপলব্ধি এবং আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

কিছুদিন আগেও কোনো একটা ছুটির উপলক্ষের জন্য কত অপেক্ষা ছিল। পড়ালেখা, পরীক্ষার কঠিন রুটিন থেকে কবে একটু ফুরসত পাব, অনেক দিন ধরে বইয়ের আলমারিতে অবস্থান করা গল্প-উপন্যাসের বইগুলো পড়ব, সেই অপেক্ষা।

আর এখন হুট করেই এমন অবসর মিলছে, যে অবসর সম্ভবত আমরা কেউই চাইনি। আগের সেই কাকভোরে ঘুম থেকে ওঠা, কলেজ, প্রাইভেট কোনো কিছুরই তাড়া নেই। তবে কোনো কিছুই থেমে থাকে না। তাই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি।

আমার একজন প্রিয় শিক্ষক বলেছেন, শিক্ষার্থীরা এই সময়টা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে না কাটিয়ে পড়ালেখার কাজে ব্যয় করলে ভালো করবে।

আমার এতটুকু জীবনে কখনো এমন বিধ্বস্ত পৃথিবী দেখার অভিজ্ঞতা নেই। জীববিজ্ঞান বইয়ে ভাইরাসের দৌরাত্ম্য, বিভিন্ন লেখকের লেখা বিভিন্ন সময়ে ঘটে যাওয়া মহামারিসংক্রান্ত বই আর ইতিহাস—এতটুকুই ধারণা। মনে হচ্ছে ভয়াবহ মহামারি সংক্রান্ত কোনো বইয়ের চরিত্র হয়ে গিয়েছি। যে পৃথিবীতে প্রতিটি দিন শুরু হয়েছে কর্মচাঞ্চল্য দিয়ে, সেই পৃথিবীর এ কেমন থমকে যাওয়া রূপ! সব আলোচনা শুধু মহামারি এবং ভাইরাসটিকে ঘিরে। চারপাশের একেকটি মানুষ যেন ছোটখাটো একেকজন ভাইরোলজিস্ট বনে গেছে।

এখন দিন কাটছে ভয় আর আতঙ্ক নিয়ে। কখন কোথায় কোনো প্রিয়জন আক্রান্ত হন। চারদিকে মানুষের অসহায়ত্বের কথা পড়ছি। দেখছি অতি প্রিয়জন কীভাবে আতঙ্কের বিষয়ে পরিণত হন। যে প্রিয়জন এত কাঙ্ক্ষিত, তাকেও এমনকি নোটিশ টানিয়ে দূরে থাকতে বলা হচ্ছে এমনই ভয়াবহ পরিস্থিতি। প্রকৃতপক্ষে, করোনাভাইরাস অভিজ্ঞতার দিক দিয়ে আমার বয়স বাড়িয়ে দিয়েছে। জীবনের রূঢ় বাস্তবতা, কিছু মানুষের অমানবিকতা ব্যথিত করছে। আবার চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে যেভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, তাতে গর্ববোধ করছি। অনুপ্রাণিত হচ্ছি। সবার মহান মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু অনেকেই করোনা নামের আরেক মহাযুদ্ধে শামিল হয়েছেন। তাঁদের স্যালুট।

তবে লকডাউনের এই দিনে উপভোগ্য যেটি তা হলো প্রকৃতির রূপলাবণ্য। চারপাশের গাছগুলো গাঢ় সবুজ হয়ে গেছে। সকাল থেকে পাখির কলকাকলি শুরু হয় শেষ হয় গোধূলিবেলা তাদের নীড়ে ফেরা দিয়ে। প্রকৃতি যেন অনেক দিন ধরে আটকে রাখা নিশ্বাস ফেলছে পরম নিশ্চিন্তে। করোনাকালে প্রকৃতির রং-রূপ দেখে বোঝা যাচ্ছে আমরা পৃথিবীবাসী প্রকৃতিকে কতটা রুষ্ট করেছি। আশা করছি, করোনাভাইরাসের দুর্দিন থেকে আমরা প্রকৃতির সঙ্গে সঠিক আচরণের শিক্ষা গ্রহণ করব। হয়তো আমরা অপ্রয়োজনে আর একটি গাছও কাটব না, জীবাশ্ম জ্বালানির অপচয় করব না, একজন ধূমপায়ী যতগুলো সিগারেট খান আর তা থেকে পরিবেশ যতটা দূষিত হয় ,তা প্রশমিত করতে ততগুলো গাছ লাগাবেন। এ শিক্ষা করোনা–পরবর্তী পৃথিবীতে জলবায়ু পরিবর্তন রুখতে সাহায্য করবে। যাতে প্রিয় এই পৃথিবীকে নতুন কোনো করোনা ত্রাস আক্রমণ করতে না পারে। লকডাউনে থাকা দিনগুলোর শিক্ষা ও উপলব্ধি আমাদের প্রকৃতি মায়ের প্রতি যত্নশীল করে তুলুক। এ শিক্ষা করোনা–পরবর্তী নতুন পৃথিবীতে আশার আলো দেখাবে।

*লেখক: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, রাজবাড়ী সরকারি কলেজ। [email protected]