কর্কশিটের উড়োজাহাজ উড়ছে আকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্কশিট দিয়ে সবুজ সরকার বানিয়েছেন উড়োজাহাজ। সেটি দেখতে ভিড় করে উৎসুকেরা। সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামে
ছবি: প্রথম আলো

উড়োজাহাজের কাঠামো তৈরি হয়েছে কর্কশিট দিয়ে। রয়েছে ব্যাটারি, সার্কিটসহ অন্যান্য যন্ত্রপাতি। পাইলট ছাড়াই উড়োজাহাজটি উড়ছে মাটি থেকে কয়েক শ ফুট উঁচুতে। রিমোট দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করছেন এর উদ্ভাবক সবুজ সরকার (১৮)।

সবুজের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের পলিশিবনগর মহেশপুর গ্রামে। কর্কশিটের উড়োজাহাজটি উড়ানো দেখতে সবুজের বাড়িতে ভিড় করছেন এলাকার শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। একবার চার্জ দিলে ঘণ্টাখানেক সময় আকাশে উড়তে পারে উড়োজাহাজটি।

সবুজের তৈরি উড়োজাহাজ রিমোটের সাহায্যে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। সবুজ বলেন, এর সাহায্যে কৃষিজমিতে কম সময়ের মধ্যে ওপর থেকে কীটনাশক ছিটানো যাবে। তবে এ জন্য আরও কারিগরি কিছু কাজ করা প্রয়োজন। আর্থিক সহায়তা পেলে উড়োজাহাজটিকে পরীক্ষামূলক থেকে প্রায়োগিক ক্ষেত্রে আনতে চান সবুজ।

সবুজের বাবা দরিদ্র ভ্যানচালক একরামুল সরদার। দুই ভাই–বোনের মধ্যে সবুজ বড়। এ বছর ফুলবাড়ি কলেজিয়েট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন সবুজ। তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন দিনাজপুরের বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণ ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ইনস্টিটিউটে। পড়াশোনার পাশাপাশি উপজেলার পাঠকপাড়া বাজারে মোবাইল মেকানিকের কাজও করেন সবুজ।

উড়োজাহাজটি তৈরি করতে সবকিছু মিলিয়ে ১২ হাজার টাকা খরচ হয়েছে
ছবি: প্রথম আলো

সবুজ সরকার বলেন, ছোটবেলা থেকেই উড়োজাহাজ বানিয়ে আকাশে ওড়ানোর স্বপ্ন ছিল। উড়োজাহাজটি তৈরি করতে সবকিছু মিলিয়ে ১২ হাজার টাকা খরচ হয়েছে। মুঠোফোন মেকানিকের দোকানে কাজ করে টাকা জোগাড় করেছেন। দেড় মাস সময় দিতে হয়েছে এর পেছনে।

সবুজের মা শেফালি বেগম বলেন, যেদিন থেকে উড়োজাহাজটা উড়ছে সেদিন থেকেই সবুজ সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে বিমান উড়ায়। ব্যাটারি চার্জ শেষ হলে আবার বাড়িতে আসে চার্জ দেয়। দুই বছর ধরে মুঠোফোন মেকানিকের দোকান দিয়েছে। সংসারেও এখন একটু আধটু সহযোগিতাও করে।

সবুজের উড়োজাহাজ দেখে আনন্দিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামিরুল ইসলাম। পরিষদের পক্ষ থেকে সবুজকে আর্থিকসহ অন্যান্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।