কর্ণফুলীতে ঈদের দিন করোনায় ইউপি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপির সদস্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে আজ বুধবার ঈদের দিন করোনায় মোহাম্মদ শাহ আলম (৪৪) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। আজ সকাল পৌনে ৮টার দিকে নগরের একটি হাসপাতালে তিনি মারা যান।

শাহ আলমের বাড়ি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায়। তিনি চরলক্ষ্যা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

শাহ আলমের পারিবারিক সূত্র জানায়, করোনা উপসর্গ দেখা দিলে ১৩ জুলাই নমুনা পরীক্ষা করান শাহ আলম। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হলে ওই দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চার দিন আগে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকালে তিনি মারা যান।

করোনায় শাহ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দা ও কর্ণফুলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানাজা বেগম।