কর্ণফুলীতে নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। রোববার সকালে নদীর আনু মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ দুজন হলেন, তপন দাস (৪২) ও তাঁর ছেলে সমীর দাস (১৫)। তাঁদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে তপন ও তাঁর ছেলেসহ তিনজন একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরছিলেন। নৌকায় থাকা অপরজন তপনের ভাই সুজিত দাস।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আনু মাঝির ঘাট এলাকায় নদী ও খালের সংযোগস্থলে পানির ঘূর্ণিতে ডিঙি নৌকাটি উল্টে যায়। এ সময় সুজিত সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাকি দুজন নিখোঁজ হন।

জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে তিনজন শিকলবাহা খাল হয়ে মাছ ধরতে কর্ণফুলী নদীতে আসেন। মাছ ধরে ফেরার সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিখোঁজ বাবা ও ছেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি এবং কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।