কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের (৪৭) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার দক্ষিণে তাঁর লাশ ভেসে ওঠে।

সাজ্জাদ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। তিনি ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর-বাংলাবাজার রুটে জাহাজের রশির সঙ্গে লেগে যাত্রীবাহী নৌকা ডুবে যায়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কর্ণফুলী উপজেলার ইছানগর-বাংলাবাজার রুট দিয়ে চট্টগ্রাম শহর থেকে ইছানগরে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। ওই সময় লায়লা বেগম (৫০) নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লায়লা ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী। নিখোঁজ থাকেন ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন। গতকাল রাতে লাশ ভেসে উঠলে নৌ–পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

মৃত ব্যাংক কর্মকর্তার ভাই ফয়সাল হোসেন বলেন, ‘আমরা রাত তিনটার সময় লাশ খুঁজে পেয়ে নৌ–পুলিশকে জানাই। পরে তাদের সহায়তায় মরদেহ তীরে আনি।’

সদরঘাট নৌ–পুলিশের উপপরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ আজ শনিবার সকালে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।