কর্ণফুলীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে কিশোর নিহত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে ইব্রাহিম আলম (১৫) নামে এক কিশোরের গ্রাণ গেছে। কর্ণফুলী উপজেলার ইছানগর সিরিসোজ কোম্পানির ঘাটে আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ইছানগর ব্রিজঘাট এলাকার চৌধুরী বাড়ির মাহবুব আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আজ বেলা একটার দিকে কয়েকজন বন্ধুসহ ঘাট দিয়ে নদীতে গোসল করতে নামে ইব্রাহিম। ওই সময় সাঁতার না জানায় সে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিমের চাচাতো ভাই মোহাম্মদ সাব্বির বলেন, নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে মারা গেল ইব্রাহিম। রাতে দাফন করা হয় তাকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রাজ্জাক বলেন, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ইব্রাহিম মারা যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। ইব্রাহিম আলমের পরিবার তার লাশ দাফন করেছে।