কর্ণফুলীতে সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে গতকাল সোমবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের কর্ণফুলীতে ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশন (ইউনিট-২) নামে একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার বড়উঠান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রাত নয়টার দিকে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে স্টেশনের ওপরের টিনের চালা উড়ে যায়। ওই সময় কার্যালয়ের থাই গ্লাস ভেঙে গেলেও হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স্টেশনের মালিক মো. আনোয়ার হোসেনের দাবি, স্টেশনে বিভিন্ন সাইজের ৪৫টি সিলিন্ডারের মধ্যে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেশন বন্ধ রাখতে বলা হয়েছে। আজ মঙ্গলবার আবারও ফিলিং স্টেশনটি পরিদর্শন করা হবে।