কর্ণফুলীতে হাতির আক্রমণে মসজিদের ইমাম আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড় উঠান ইউনিয়নের খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ফজরের নামাজে পড়তে যাওয়ার পথে বন্য হাতির সামনে পড়েন ওই গ্রামের খিলপাড়া মসজিদের ইমাম এয়ার মোহাম্মদ (৪৫)। ওই সময় হাতির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় কয়েকজন বলেন, গতকাল বুধবার ভোরে উপজেলার বড় উঠান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালা ফকির বাড়ি এলাকার কৃষক মোহাম্মদ এলাহী বক্সা ও মোহাম্মদ আবছারের ঘর ভাঙচুর ও ফসলি ধান নষ্ট করে হাতি।

কর্ণফুলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, হাতির আক্রমণের বিষয়টি বন বিভাগকে জানানো হবে। পাশাপাশি আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হবে।