কর্মবিরতির কারণে টিকা থেকে বঞ্চিত সাড়ে ৩ হাজার নারী ও শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের গ্রেড পরিবর্তন ও বেতন-বৈষম্য নিরসনের দাবিতে চলমান কর্মবিরতির কারণে প্রায় সাড়ে তিন হাজার নারী ও শিশু বিভিন্ন টিকা থেকে বঞ্চিত হয়েছেন। আজ বৃহস্পতিবার পর্যন্ত ১৬ দিনের কর্মবিরতির কারণে জেলার ২ হাজার শিশু এবং ১ হাজার ৩১১ জন প্রসূতি হাম-রুবেলা টিকা থেকে বাদ পড়েছেন।

২৬ নভেম্বর থেকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আহ্বানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীরা টিকাদানসহ সব কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করেন। দাবি আদায় না পর্যন্ত ইপিআই ও হাম-রুবেলা টিকাদানের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তাঁরা। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা কর্মক্ষেত্রে এই কর্মবিরতি পালন করে আসছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পৌরসভা ও সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকাদান কর্মসূচি চলছে। জেলায় এ বছর ৮৯ হাজার শিশুকে টিকাদানের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর সারা বছরে স্বাস্থ্য সহকারীদের সদর উপজেলায় ১০ হাজার ৭৭১ জন শিশু এবং ১০ হাজার ৯৫১ জন প্রসূতিকে টিকা দেওয়ার কথা।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির জন্য জেলার ১ হাজার ৯৬৪ শিশু এবং ১ হাজার ৩০১ জন প্রসূতি সব ধরনের টিকা থেকে বঞ্চিত হয়েছেন।

সদর উপজেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর থেকে জেলার নির্ধারিত কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের একযোগে ইপিআই ও হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ২৬ নভেম্বর থেকে স্বাস্থ্য সহকারীদের গ্রেড পরিবর্তন ও বেতন-বৈষম্য নিরসনের দাবিতে ইপিআই ও হাম-রুবেলা টিকাদানের সব কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করেছেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

আজ বেলা ১১টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন করতে দেখা গেছে। কর্মবিরতিতে জেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা মিলিয়ে প্রায় ৭০ জন অংশ নেন। তাঁদের কেউ ২৬ নভেম্বর থেকে ইপিআই ও হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে অংশ নেননি।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সহসভাপতি স্বাস্থ্য পরিদর্শক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলামের সঞ্চালনায় কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদর উপজেলার শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী রুবেল মিয়া, সাধারণ সম্পাদক নাজির আহমেদ, জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহ্বায়ক এম আবদুল বাছের, স্বাস্থ্য সহকারী তাসলিমা খন্দকার, আইরিন চৌধুরী প্রমুখ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ১৬ দিনের টানা কর্মবিরতির কারণে শিশুরা বিসিজি, পেন্টা ১ম, দ্বিতীয় ও তৃতীয়, পিসিভি ১ম, দ্বিতীয় ও তৃতীয়, ওপিডি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এফআইপিভি প্রথম ও দ্বিতীয় এবং এমআর প্রথম ও দ্বিতীয় টিকা থেকে বঞ্চিত হয়েছে।
সংগঠনটির জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা ও চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুসারে স্বাস্থ্য পরিদর্শককে ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শককে ১২তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড দিয়ে নিয়োগবিধি সংশোধনসহ বেতন–বৈষম্য নিরসন করতে হবে, নয়তো এই কর্মবিরতির কর্মসূচি চলবে।