কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি, ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামের ফটিকছড়িতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ‘৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে’ দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন, ফটিকছড়ির দাতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম, ফটিকছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রনবেশ মহাজন, কৃষি ব্যাংক ফটিকছড়ির হেয়াকো শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুল হক, দ্বিতীয় কর্মকর্তা সুজিত কুমার দাশ ও ক্যাশিয়ার আবুল কাশেম।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫–১৬ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পে দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের ৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করেন আসামিরা। তাঁরা ভুয়া শ্রমিক ও মাস্টাররোল তৈরির মাধ্যমে এ কাজ করেন। কর্মসৃজন প্রকল্পে তালিকাভুক্ত শ্রমিকেরা জানান, তাঁরা কেউ শ্রমিক নন; স্বাবলম্বী। তাঁরা কখনো কৃষি ব্যাংকে যাননি। হিসাব খোলা কিংবা টাকা তোলেননি।
দুদক চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান মামলা করার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।