কর্মস্থলে না থাকায় ওএসডি ঝালকাঠির সিভিল সার্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিভিল সার্জন রতন কুমার ঢালী

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড–পরবর্তী সময়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার সিভিল সার্জন রতন কুমার ঢালীকে ওএসডি করা হয়েছে। তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিষেবা বিভাগ থেকে এক পরিপত্রে এ আদেশ দেওয়া হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিষেবা বিভাগের অপর এক পরিপত্রে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিহাব উদ্দিনকে ঝালকাঠির সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামীকাল মঙ্গলবার ঝালকাঠিতে যোগ দেবেন।

জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা শুনে দুর্ঘটনাস্থলে যান বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান। এর পরদিন তিনি ঝালকাঠি সদর হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সিভিল সার্জন রতন কুমার ঢালীকে না পেয়ে অসন্তুষ্ট হন। পরে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়।

ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে রতন কুমার ঢালী বলেন, ‘আমাকে সিভিল সার্জনের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।’ এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘লঞ্চ দুর্ঘটনার পর বিভাগীয় কমিশনার গত ২৪ ডিসেম্বর ঝালকাঠিতে এসেছিলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে সদর হাসপাতালে আসেন। তখন আমাকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। আসলে বিভাগীয় কমিশনার যে হাসপাতালে আছেন, সেটা আমাকে কেউ জানাননি। আমি আশপাশেই ছিলাম। তাঁর আসার খবর শুনে আমি টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলেছি। এরপর বেলা দুইটার দিকে তাঁর সঙ্গে আমি দেখা করেছি। এরপরও তিনি সন্তুষ্ট হতে না পারায় লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছেন। আমি আজ সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার অধিদপ্তরে যোগ দেব।’

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পর শতাধিক দগ্ধ রোগী সদর হাসপাতালে ভর্তি হন। পরে তাঁদের মধ্য থেকে ৭০ জনকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেদিন ঝালকাঠির কর্মস্থলে না থেকে সিভিল সার্জন রতন কুমার ঢালীর বিরুদ্ধে পিরোজপুর শহরের বাসায় অবস্থান করার অভিযোগ ওঠে। লঞ্চে আগুনে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন ৩১ জন।