কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল কনস্টেবলের
মোটরসাইকেলে কর্মস্থলে ফেরার পথে রংপুরের কাউনিয়া উপজেলার রাজেন্দ্র বাজার এলাকায় সড়কে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। অজ্ঞাত কোনো গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার সকালে সড়ক থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া পুলিশ সদস্যের নাম তাজুল ইসলাম (৩৫)। তিনি রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার গোপাল খামার গ্রামের আবদুস সালামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, আজ সকাল ছয়টার দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলে কর্মস্থল পীরগাছায় ফিরছিলেন তাজুল। কাউনিয়ার রাজেন্দ্র বাজার এলাকায় আজ সকাল আটটার দিকে অজ্ঞাত কোনো গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।