কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর
সাপ্তাহিক ছুটি কাটানো শেষে মোটরসাইকেলে করে মানিকগঞ্জের শিবালয় থেকে কর্মস্থল ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকা।
দুই বন্ধু হলেন শিবালয়ের দক্ষিণ পাচুরিয়া ইন্তাজগঞ্জ গ্রামের আবদুল আলিম (২৬) ও পাশের কান্দা শাকরাইল গ্রামের দীপক হালদার (২৫)। আবদুল আলিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক রনি মিয়া (৩০) আহত হন। তাঁর বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার গোপপাড়া গ্রামে।
স্থানীয় গোলড়া হাইওয়ে থানা-পুলিশ জানায়, ঢাকার তেজগাঁওয়ে আড়ংয়ের একটি শোরুমে চাকরি করেন আবদুল আলিম। আর পুরান ঢাকার তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে কাজ করেন দীপক হালদার। গত বৃহস্পতিবার দুই বন্ধু মোটরসাইকেলে করে শিবালয়ে গ্রামের বাড়িতে আসেন। গতকাল শুক্রবার পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আজ সকালে মোটরসাইকেল নিয়ে তাঁরা ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদরের ভাটবাউর এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই বন্ধু নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত অ্যাম্বুলেন্সের চালক রনিকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে একটি অ্যাম্বুলেন্স যশোরের দিকে যাচ্ছিল। পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেলের দুই আরোহীর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।