কর্মস্থলেই খুন হলো মা-বাবার একমাত্র অবলম্বন কিশোর রিসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

স্কুলপড়ুয়া রিসান (১৫) পড়ালেখার পাশাপাশি হোটেল শ্রমিকের কাজ করত। বাবা মানসিক ভারসাম্যহীন। মা-বাবার সংসারে আয়ের একমাত্র অবলম্বন রিসান। গতকাল শুক্রবার রাত ১০টায় মুঠোফোনে সে মাকে জানায়, কিছুক্ষণ পরেই বাড়িতে ফিরবে। ছেলের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন মা। সকালে ঘুম থেকে উঠে দেখেন রিসান বাড়িতে ফেরেনি। কিছুক্ষণ পরে জানতে পারেন, কারা যেন রিসানকে মেরে হোটেলেই ফেলে রেখেছে।

এ ঘটনা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের গোহাটি এলাকার। আজ শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার পুলিশ ওই হোটেলের ভেতর থেকে রিসানের লাশ উদ্ধার করে। এ সময় সে ডান পায়ের রগ ও গলা কাটা অবস্থায় মাটিতে পড়ে ছিল।

নিহত রিসান উপজেলার কশিগাড়ি গ্রামের লিটন মণ্ডলের ছেলে। রানীগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোহাটিতে এই বাজার সপ্তাহের সোম ও বৃহস্পতিবার বসে। মূলত এটি বড় একটি গরু-ছাগলের হাট। ওই হাটে রাজশাহীর এক ব্যবসায়ী জায়গা ভাড়া নিয়ে টিনের চালা দিয়ে খাবারের হোটেল চালাতেন। আজ দুপুর ১২টায় বন্ধ থাকা সেই হোটেলের ভেতর রক্তাক্ত অবস্থায় কিশোর রিসানের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আজ দুপুরে স্থানীয় সংবাদের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তার পায়ের রগ কাটা ছিল। গলাতেও ধারালো অস্ত্রের দাগ রয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও হত্যাকারীকে শনাক্ত করতে তাঁরা কাজ শুরু করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কিশোরের মা থানায় এসেছেন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।