কর্ম-অক্ষম শ্রমিকদের কষ্টের দিনলিপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজরীন অগ্নিকাণ্ডের তিন বছর
তাজরীন অগ্নিকাণ্ডের তিন বছর

আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে কালো হয়ে যাওয়া তাজরীন ফ্যাশনস কারখানা ভবনটি পরিত্যক্ত হয়ে আছে। ওই অগ্নিকাণ্ডে কর্ম-অক্ষম হয়ে পড়া কারখানাটির সাবেক শ্রমিকদের দিন কাটছে নিদারুণ কষ্টে। দীর্ঘ চিকিৎসায়ও সুস্থ না হওয়া এসব মানুষের অনেকে এখনো ঠিকমতো হাঁটতে-বসতেও পারেন না। শারীরিক-মানসিক যন্ত্রণা, অভাব নিত্যসঙ্গী। তিন বছর ধরে চলছে এমন দিনযাপন।
তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের তিন বছর পূর্ণ হয়েছে গতকাল মঙ্গলবার। ২০১২ সালের ২৪ নভেম্বর রাতে নয়তলা ওই কারখানায় আগুন লাগে। সরকারি হিসাবে এতে ১১২ জন শ্রমিক নিহত হন। আহত হন কয়েক শ শ্রমিক। তাঁদের মধ্যে কতজন শ্রমিক কর্ম-অক্ষম হয়েছেন, তার পূর্ণাঙ্গ কোনো হিসাব তিন বছরেও তৈরি হয়নি।
২০১৩ সালের ২৭ জুলাই হাইকোর্টে জমা দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, এ রকম আহত ১৪১ জন শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এমন শ্রমিকের সংখ্যা জানতে গত কয়েক দিন নিশ্চিন্তপুরে সরেজমিনে গিয়ে ও আহত শ্রমিকদের সে সময়কার তালিকা ধরে খোঁজ নেওয়া হয়। কথা হয় সংশ্লিষ্ট শ্রমিকনেতা ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক জলি তালুকদারের মতে, কর্ম-অক্ষম হয়ে পড়া শ্রমিকের সংখ্যা ৮০ থেকে ৯০ হবে। এঁদের বেশির ভাগই এখন নিশ্চিন্তপুর ছেড়ে নিজেদের গ্রামে চলে গেছেন। তিনি বলেন, ‘এঁদের দায় কারখানা মালিক, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান আর অবশ্যই সরকারের। তবে কেউ তা পালন করছে না। আমাদের সঙ্গে ২০-২৫ জনের নিয়মিত যোগাযোগ রয়েছে। আমরা তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজ রাখি।’
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতা শহীদুল ইসলাম বলেন, তাঁদের হিসাবে অক্ষম বা কাজ করতে পারেন না—এমন শ্রমিকের সংখ্যা অন্তত ১০০। তাঁদের মধ্যে ৪০ জনের শরীরের একাধিক জায়গার হাড় ভেঙেছে। তিনি বলেন, ‘এই শ্রমিকেরাও অবশ্যই এক জীবনের আয়ের সমপরিমাণ (৪৮ লাখ টাকা) ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখেন।’
গত সোমবার তাজরীনের কারখানা এলাকায় গিয়ে দেখা যায়, পরিত্যক্ত ভবনটিতে তালা মারা। তবে ভেতরে একাধিক নিরাপত্তাকর্মী রয়েছেন। ওই কারখানার পাশেই দেখা হলো আহত শ্রমিক মিরাজুল ইসলামের (২৯) সঙ্গে। তাঁর ডান হাত অচল। এ অবস্থাতেই তিনি সেখানে একটা চায়ের দোকান চালাচ্ছেন। ডান হাতটা পেটের ওপর গুটিয়ে কোনোরকমে বাঁ হাতে দোকানের সব কাজ করেন। তিনি বলেন, কারখানায় আগুন লাগলে তিনি চারতলা থেকে লাফ দিয়েছিলেন। ডান হাতের কয়েক জায়গায় ভেঙেছে। বাঁ পায়ের গোড়ালি, মেরুদণ্ডের হাড়ও ভেঙেছিল। এখন দীর্ঘক্ষণ বসে থাকতেও তাঁর কষ্ট, আবার দাঁড়িয়েও থাকতে পারেন না।
মিরাজুল বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজে নিলেও চরম আর্থিক-মানসিক কষ্টে আছেন ২৩ বছরের রেহানা বেগম। আগুন লাগার পর চারতলা থেকে লাফ দিয়েছিলেন তিনি। বাঁ পা একাধিক জায়গায় ভেঙেছিল, কোমর ও কপালেও গুরুতর আঘাত ছিল। এখন কোনো কাজ করতে পারেন না। ঠিকমতো হাঁটতে ও বসে থাকতে পারেন না। চিকিৎসার টাকাও নেই। অগ্নিকাণ্ডের পর দেড় লাখ টাকা সহায়তা পেলেও তার সবই গেছে চিকিৎসায়। দেড় বছরের একটা মেয়ে আছে। মেয়ে যখন পেটে, তখন স্বামী আরেকটি বিয়ে করে চলে গেছেন। কখনো ভাইয়ের সংসারে, কখনো বোনের সংসারে বোঝা হয়ে দিন কাটছে রেহানার। সোমবার তাঁর সঙ্গে কথা হয় নিশ্চিন্তপুরে তাঁর বোনের বাসায়। রেহানা বলেন, ‘অক্ষম মানুষের কষ্ট কী বলব! দিন যায় তো রাইত পোহায় না। বড় কষ্টে আছি ভাই। না মরলাম, না বাঁচতে পারতাছি। মরলে অন্তত মাইয়াডা হইতো না।’
আহত আরেক শ্রমিক ২১ বছরের শ্যামলী থাকেন পঞ্চগড়ের দেবীগঞ্জে গ্রামের বাড়িতে। অগ্নিকাণ্ডের পর তিনতলা থেকে লাফিয়ে একটি দেয়ালের ওপর পড়েছিলেন। এতে তাঁর বুক-পেট ক্ষতবিক্ষত হয়েছিল। বাঁ স্তন কেটে বাদ দিতে হয়েছে। দীর্ঘ চিকিৎসায়ও সুস্থ নন। কোনোরকমে ঘরের কাজকর্ম করেন। গত জুনে মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরপরই স্বামী আবদুল মালেক আরেকটি বিয়ে করে ঢাকায় চলে এসেছেন। চিকিৎসা সহায়তা পাওয়া এক লাখ টাকা নিয়ে গেছেন স্বামী। শ্যামলীদের খোঁজ নেন না। মেয়েসহ শ্যামলী আছেন বাবার কাছে। শরীরের এমন অবস্থায়ও তাই চিন্তা করছেন, মেয়ে আরেকটু বড় হলে আবার পোশাক কারখানায় কাজ নেবেন। এ ছাড়া যে তিনি আর কোনো কাজ জানেন না।
ঠিকমতো হাঁটতে, বসে থাকতে পারেন না বলে ২৮ বছরেই সোলায়মানের জীবনটা প্রায় থেমে রয়েছে। এখন বোনের সংসারে বোঝা হয়ে রয়েছেন। আর ২৭ বছরের মুর্শেদা বেগম বললেন, ‘কী যে কষ্ট। এহন আর চোখ দিয়া পানিও বাইর হয় না। ঘরের কাপড়ও কাচতে পারি না।’
আহত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়ে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, তাজরীনের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু লিয়াংফাং এবং সিঅ্যান্ডএ নামের দুটি সংস্থা শ্রমিকদের সহায়তার জন্য অর্থ দিয়েছে। এর বাইরে ওয়ালমার্ট, সিয়ারস, ডিজনি, কিক, এমজে সোফি, সনজন, এডিনবার্গ উলেন মিলের মতো নামকরা ব্র্যান্ডগুলো এখনো একটি পয়সাও দেয়নি। পুড়ে যাওয়ার পর এর কোনো দায়ই নিচ্ছে না ক্রেতা সংস্থাগুলো।