কলমাকান্দায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ
তৃতীয় ধাপে নেত্রকোনার কলমাকান্দার লেংগুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কেবলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম ওরফে গোলাপ এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ওই ইউপির বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া ও তাঁর কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।
রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গতকাল গভীর রাতে সাইদুর রহমান ভূঁইয়া ও তাঁর সমর্থকেরা তাঁর নির্বাচনী প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগ করেছেন। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল, বেঞ্চসহ নির্বাচনী পোস্টার পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লেংগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
তবে এসব অভিযোগ ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন সাইদুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, ‘বিষয়টি খুবই হাস্যকর। আমার লোকজন কেন আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেবে! বরং প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলাসহ কর্মী-সমর্থদের নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। এলাকায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা এমন হীন কাজ চালাচ্ছেন। এখন নিজেরাই রাতে ওই ঘরে আগুন দিয়ে আমাকে ও কর্মী-সমর্থকদের হয়রানি করছেন।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।