কলমাকান্দায় ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় সাইনবোর্ড সরানোর সময় ছাদ থেকে পড়ে আবদুল গফুর (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল গফুর কলমাকান্দার চকপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে ছিলেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে আবদুল গফুর পশ্চিম বাজার এলাকায় কাইয়ুম মিয়ার বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় রাস্তার পাশে ওই ভবনের দোতলা ছাদের এক পাশে একটি সাইনবোর্ড সরাতে যান তিনিসহ দুজন শ্রমিক। কিন্তু আবদুল গফুর ছাদ থেকে পিছলে নিচে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল আহাদ খান বেলা আড়াইটার দিকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ নিয়ে থানায় মামলা করা হবে।