কলমাকান্দায় ডাম্প ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
নেত্রকোনার কলমাকান্দায় পাথরবোঝাই ডাম্প ট্রাকের চাপায় মুরসালেহিন (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের বাহাদুরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত মুরসালেহিন কলমাকান্দা উপজেলা সদরের মাইজপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মুরসালেহিন হেঁটে তার বাবার জন্য খাবার নিয়ে কলমাকান্দার ডেইট্টাখালি এলাকায় যাচ্ছিল। সেখানে শিশুটির বাবা শ্রমিকের কাজ করেন। কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পাথরবোঝাই একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, নাক, মুখ ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মুরসালেহিনের মৃত্যু হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ আগেই সে মারা যায়।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, শিশু মুরসালেহিনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুরসালেহিনের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।