কলমাকান্দায় নিখোঁজের এক দিন পর ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের এক দিন পর এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের উত্তর গৌরীপুর এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত ওই ইজিবাইকচালকের নাম মো. মজিবুর রহমান (২৪)। তিনি দুর্গাপুর উপজেলার পূর্ব নলোয়াপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। এর আগে দুর্গাপুর থেকে মজিবুর নিখোঁজ হন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল সোমবার সকাল ১০টার দিকে মজিবুর রহমান নিজ বাড়ি থেকে তাঁর ইজিবাইক নিয়ে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন গতকাল রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন উত্তর গৌরীপুর এলাকায় ধানখেতে গলাকাটা লাশ দেখতে পান।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে লাশটি উদ্ধারের খবর পেয়ে মজিবুরের বাবা আবুল কাশেম ঘটনাস্থলে এসে লাশের পরিচয় শনাক্ত করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চালককে কৌশলে দুর্গাপুর থেকে কলমাকান্দা নিয়ে এসে গলা কেটে হত্যা করেছে। ইজিবাইকটি উদ্ধারসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।