কলমাকান্দায় হামলায় আহত যুবকের মৃত্যু, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল মধ্যরাত পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ওই যুবকের নাম আরশাদ মিয়া (৩০)। তিনি নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা বগাটিয়া এলাকার মো. আবদুল্লাহর ছেলে। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মজনু মিয়া (৫৮), সিরাজুল ইসলাম (২৬) ও সাফায়েতউল্লাহ (৩৮)। তাঁরা তিনজনই গাংধরকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরশাদ মিয়ার বাবা আবদুল্লাহর সঙ্গে গাংধরকান্দা গ্রামের কামাল মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে এ নিয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিষয়টি মীমাংসার জন্য উলুকান্দা এলাকায় উভয় পক্ষকে নিয়ে সালিসে বসেন। সালিসের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় কামাল মিয়াসহ তাঁর লোকজন আরশাদ মিয়াকে বেধড়ক মারধর করেন।

পরে স্থানীয় লোকজন আরশাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরশাদ মিয়ার মৃত্যু হয়।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানান, এ ঘটনায় আটক তিনজনই কামাল মিয়ার পক্ষের লোক। এর মধ্যে সিরাজুল ইসলাম ও সাফায়েতউল্লাহ—এ দুজন মজনু মিয়ার স্বজন।
মো. হাবিবুল্লাহ খান বলেন, হামলায় নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।