কলাগাছ-বাঁশের শহীদ মিনার আর কত কাল

আমতলী-তালতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৩৩০টি। স্থায়ী শহীদ মিনার আছে ৩৭টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলার মানচিত্র

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। তাই প্রতিবছরের মতো এবারও কলাগাছ ও বাঁশে নির্মিত অস্থায়ী মিনারে শহীদ দিবস পালন করবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। তারা জানে না, কবে স্থায়ী শহীদ মিনার পাবে।

শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী-তালতলীতে ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমতলীতে ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি দাখিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ৪টি ফাজিল মাদ্রাসা, ৫টি কলেজ রয়েছে। তালতলী উপজেলায় রয়েছে ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি দাখিল মাদ্রাসা ও ২টি কলেজ।

দুই উপজেলায় সব মিলিয়ে শহীদ মিনার আছে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এর মধ্যে আমতলীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ, ১৪টি প্রাথমিক বিদ্যালয় এবং তালতলীতে ১০টি প্রাথমিক বিদ্যালয় ও কলেজে শহীদ মিনার রয়েছে। এগুলোর বেশির ভাগই আবার জরাজীর্ণ। সংস্কারের কোনো উদ্যোগ নেই। শহীদ দিবসের দুয়েক দিন আগে ঘষামাজা করা হয়। দিবস শেষ হয়ে গেলে কেউ আর খবর রাখে না।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, গুরুদল বঙ্গবন্ধু নিম্নমাধ্যমিক বিদ্যালয়, এমইউ মাধ্যমিক বিদ্যালয়, বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা, মানিকঝুঁড়ি মাহমুদিয়া দাখিল মাদ্রাসা, পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কড়াইবাড়িয়া দাখিল মাদ্রাসাসহ অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আফসোসটা যেন আরও বেড়ে যায়। তাই বলে মহান দিবসটি পালন থেকে বিরত থাকে না তারা। শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলে মাটি, কলাগাছ আর বাঁশ দিয়ে গড়ে তোলা হয় অস্থায়ী শহীদ মিনার, তাতেই ২১ ফেব্রুয়ারির ভোরে খালি পায়ে ফুল নিয়ে হাজির হয় তারা। সম্মান জানায় মাতৃভাষা ও জাতির সূর্যসন্তানদের।

কথা হয় আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম মাহমুদ, জি এম ইকফা, জিসাদ ও হুমায়রা আক্তারের সঙ্গে। তারা বলে, তাদের বিদ্যালয়ে শুরু থেকেই শহীদ মিনার নেই। ২১ ফেব্রুয়ারির দিন তাদের ফুল দিতে হয় অস্থায়ী শহীদ মিনার বা কাছাকাছি কলেজের শহীদ মিনারে গিয়ে।

তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুচ মিয়া বলেন, তাঁর বিদ্যালয়ে শহীদ মিনার নেই। কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, উপজেলার ১৪টি বিদ্যালয় ছাড়া উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। সব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের প্রক্রিয়া চলছে। একই আশ্বাস জানিয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, উপজেলায় ১১টি বিদ্যালয় ও ২টি কলেজে শহীদ মিনার আছে। বাকিগুলোতে শহীদ মিনার নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন।

আমতলীর ইউএনও এ কে এম আবদুল্লাহ বিন রশিদ বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেসব প্রতিষ্ঠানে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, উপজেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, আগামী এক বছরের মধ্যে সেখানে স্থানীয় উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করা হবে।