কলাপাড়া পৌর যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমান ওরফে ভিপি জিয়া
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া পৌর যুবলীগের সাবেক সভাপতি ও মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. জিয়াউর রহমান ওরফে ভিপি জিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত চারটার দিকে কলাপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রাম থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউর রহমান হামলা–মামলার আসামি। গত ১৩ জুলাই তিনি দলবল নিয়ে উপজেলার পূর্ব মিঠাগঞ্জ গ্রামের বাসিন্দা নুর ইসলাম বয়াতির বাড়িতে রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় তিনি ও তাঁর লোকজন নুর ইসলাম বয়াতিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। নুর ইসলাম বয়াতিকে রক্ষা করতে এলে তাঁর ছোট ভাই উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুর হোসাইনসহ নিকটাত্মীয় আরও ৮-১০ জনকেও জখম করা হয়।

এ ঘটনার পর আহত ব্যক্তিদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-এ-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। এখনো তাঁরা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ ও স্বজনেরা নিশ্চিত করেছেন। ওই হামলার ঘটনায় নুর ইসলাম বয়াতি বাদী হয়ে ৪ আগস্ট জিয়াউর রহমানকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন।

গ্রেপ্তার জিয়াউর রহমান গত ১৩ জুলাই দলবল নিয়ে উপজেলার পূর্ব মিঠাগঞ্জ গ্রামের বাসিন্দা নুর ইসলাম বয়াতির বাড়িতে রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

এ হামলার ঘটনার পর ভিপি জিয়ার বিরুদ্ধে নুর ইসলাম বয়াতির ছোট ভাই মো. নুর হোসাইন স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ভিপি জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে। ভিপি জিয়ার অনৈতিক কর্মকাণ্ড থেকে মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের রক্ষার জন্য তাতে আবেদন জানানো হয়েছে।

কলাপাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান প্রথম আলোকে বলেন, ভিপি জিয়াকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।