কলাপাড়ায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে হাতুড়ি বাহিনী গঠনের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে হাতুড়ি বাহিনী গঠনের অভিযোগ করেছেন একই দলের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান ওরফে সুজন মোল্লা। গতকাল বুধবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, ‘হাতুড়ি বাহিনীর হামলায় আমার কর্মী মোবারক হোসেন, মাসুম খন্দকার, সুমন তালুকদার ও বাপ্পি তালুকদার গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গল ও বুধবার এই হামলা চালানো হয়।’ তিনি আরও বলেন, তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনায় নৌকা প্রার্থীর সমর্থক ইউনুচ মিয়া, জাহিদুল ইসলাম, মাইনুল ইসলাম, শামিম ফকির, সজিব হাওলাদার, নিজাম ঢালী, সাদ্দাম হাওলাদার, মাসুম কেরানি, হারুন হাওলাদার, হানিফ হাওলাদার, মামুন ও রাসেল সিকদার জড়িত। তাঁদের বিষয়ে কলাপাড়া থানায় পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগের জবাবে আজ বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মশিউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আনারস প্রতীকের প্রার্থী আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা মিথ্যা। আমার কোনো হাতুড়ি বাহিনী নেই। কাউকে হাতুড়িপেটাও করা হয়নি। বরং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের পক্ষে কোনো ভোটার না থাকায় বহিরাগতদের এলাকায় জড়ো করে সাধারণ ভোটারদের হুমকি দিয়ে যাচ্ছেন। কালো টাকা নিয়ে এখন থেকেই রাতের আঁধারে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, হামলার ঘটনা নিয়ে কিছু অভিযোগ এসেছে। সেসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলাপাড়া থানার ওসিকে বলা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জসীম প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর কলাপাড়া উপজেলার টিয়াখালী, নীলগঞ্জ ও চাকামইয়া ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।