কলাপাড়ায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মো. ইব্রাহিম মিয়া (৪৮) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাতানী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম মিয়া টিয়াখালী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাঁর ওপর এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ইউপি সদস্য ইব্রাহিম মিয়া অভিযোগ করে বলেন, টিয়াখালীর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহিদ সিকদার, তাঁর ভাই মোজাম্মেল সিকদার এবং শহিদ সিকদারের ছেলে সাগরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। গত নির্বাচনে পরাজয়ের জের ধরে এ হামলা করা হয়েছে। এর আগেও তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, হামলাকারীরা মাটিতে ফেলে তাঁকে বেধড়ক পিটিয়েছে। ইট দিয়ে আঘাত করে তাঁর হাত-পা থেঁতলে দিয়েছে। এ ছাড়া লাঠি দিয়ে পেটানোর কারণে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য শহিদ শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম প্রথম আলোকে বলেন, ইউপি সদস্যের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।