কলাপাড়ায় কলেজছাত্রসহ দুজনকে কুপিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় কলেজছাত্রসহ দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আজ রোববার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার লোন্দা গ্রামের সজীব মোল্লার ছেলে এবং মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ছাত্র রাকিব মোল্লা (১৯) ও একই এলাকার আলমগীর হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২৪)। এর মধ্যে ইয়াকুব হাওলাদারের বাঁ হাতের তিনটি আঙুল কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় ইয়াকুব হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রাকিব মোল্লা ও ইয়াকুব হাওলাদার বলেন, ‘রোববার দুপুরে কলাপাড়া উপজেলা সদর থেকে মোটরসাইকেলে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। এ সময় মোটরসাইকেল থামিয়ে খোকন প্যাদা ও তাঁর বাবা রসূল প্যাদার নেতৃত্বে সাত-আটজন আমাদের ওপর হামলা চালান। মোটরসাইকেল থেকে নামিয়ে আমাদের মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ইয়াকুবের বাঁ হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।’
প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে খোকন প্যাদা ও তাঁর বাবা রসুল প্যাদার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। দুর্বৃত্তদের কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।’