কলাপাড়ায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহত রাকিবুলের পরিবারের সদস্যরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রাকিবুলের বাবা নাসির উদ্দিন মাতুব্বর। তিনি বলেন, ‘আমরা পারিবারিকভাবে সন্তানের শোকে বিভোর। থানায় দায়ের করা মামলার মূল আসামিদের অনেকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এ ছাড়া রাকিবুল হত্যার পেছনে আরও কয়েকজন পরিকল্পনাকারী রয়েছে। আমরা তাদের চিহ্নিত করেছি। তাদের নাম সংযুক্ত করে গত ২৫ আগস্ট কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা দায়ের করেছি।’

নাসির উদ্দিন মাতুব্বর আরও বলেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো. আসলাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার, মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিরণ মিয়াসহ কয়েকজনকে রাকিবুল হত্যা মামলায় আসামি করা হয়েছে। আসামিরা সবাই প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। উল্টো আসামিরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। আসামিদের ভয়ে তাঁরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত রাকিবুলের মা রাহিমা বেগম, বোন নাসরিন বেগম প্রমুখ। তাঁরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

২৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রাকিবুল ইসলাম নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে রায়হান পাহলান ও তাঁর ছোট ভাই মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে এই হামলা হয়। এ সময় রাকিবুলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানেও মারাত্মক জখম করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট রাকিবুল মারা যান।

হামলার পরদিন রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে ২৯ জুলাই রাতে কলাপাড়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলামকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। তরিকুল ইসলাম এ ঘটনায় জড়িত মো. সাইফুল ইসলাম ওরফে রায়হান পাহলানের ছোট ভাই। রায়হান পাহলানকেও মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ তরিকুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। মামলা হওয়ার পর হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী রুবেল সিকদারসহ চারজনকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান প্রথম আলোকে বলেন, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।