কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কবজি বিচ্ছিন্নের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের (২২) ডান হাতের কবজি বিচ্ছিন্ন ও কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার রাতে কলাপাড়া থানায় মামলাটি করেন রাকিবুলের মা রাহিমা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলামকে। তাঁর বড় ভাই একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে রায়হানও মামলার আসামি। অন্য আসামিদের মধ্যে কেউ একই সংগঠনের সঙ্গে জড়িত, কেউ স্থানীয় বাসিন্দা। মামলার এজহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলামকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে গতকাল ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয়। সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গত বুধবার রাত সাড়ে নয়টার সময় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমুদ্দিন গ্রামের জামে মসজিদসংলগ্ন জলকপাট এলাকায় রাকিবুলের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা রাকিবুলকে ধরে প্রথমে বেদম মারধর করতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা হাতে থাকা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীরা কুপিয়ে রাকিবুলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। রামদার কোপে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশেও গুরুতর জখম করা হয়েছে। রাকিবুলের পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাইফুল ইসলামকে দায়ী করেন। রাকিবুল মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গতকাল রাতে মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি হিসেবে নোমান হাওলাদার, খলিল হাওলাদার ও নয়ন বয়াতীকে গ্রেপ্তার করেছে। কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাকিবুল বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) ভর্তি। তাঁর বাবা নাসির মাতুব্বর বলেন, ‘পাষণ্ডরা আমার ছেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেই ক্ষান্ত হয়নি, ওর ডান হাতের কনুইয়ের ওপর দিয়ে মোচড়াইয়া কনুইও ভেঙে দিয়েছে। ডান হাতের কনুই কুপিয়ে জড়া জড়া করা হয়েছে। বাঁ পাশের কানের ওপর দিয়ে রামদা দিয়ে যে কোপটি দিয়েছে, তাতে লম্বায় ৯ ইঞ্চির মতো কেটে গেছে। পিঠের কোপটি ফুসফুস পর্যন্ত ঠেকেছে।’ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি বলেন, বুধবার রাত একটা পর্যন্ত তাঁর জ্ঞান ছিল। এরপর থেকে আর তাঁর জ্ঞান ফেরেনি।
স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ও তাঁর ছোট ভাই তরিকুলের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার, মেলাপাড়া, সাফাখালী গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদেরও গ্রেপ্তার করার জন্য জোর চেষ্টা চলছে।’ এলাকাবাসীর অভিযোগ প্রসঙ্গে এ পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসী বাহিনীর তৎপরতা নিয়ে এলাকার কোনো মানুষ কখনো কিছু জানায়নি। তবে সন্ত্রাসী যত বড়ই হোক, কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।