কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের কবজির রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান গাজীর (৩৫) দুই হাতের কবজির রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন চৌরাস্তায় সন্ত্রাসীরা রামদা দিয়ে কোপালে হাসানের দুই হাতের কবজি বরাবর রগ কেটে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান তাঁর বাবার সঙ্গে কলাপাড়া পৌর শহর থেকে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর পথ আগলে হামলা চালায়। সন্ত্রাসীরা হাতে থাকা রামদা দিয়ে এলোপাতাড়ি তাঁকে কোপাতে থাকে। একপর্যায়ে তিনি রাস্তার ওপর পড়ে যান। সন্ত্রাসীদের রামদার কোপে হাসানের দুই হাতের কবজির রগ কেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। পরে আহত হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন কামরুন্নাহার মিলি বলেন, হাসানের দুই হাতের কবজি বরাবর রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা গুরুতর। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার বলেন, দুই পক্ষের কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। দলীয়ভাবে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ যাওয়ার আগেই সন্ত্রাসীরা সটকে পড়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে।