কলাপাড়ায় জেলের মৃত্যুর ঘটনায় ৪ পুলিশকে প্রত্যাহার
পটুয়াখালীর কলাপাড়ায় নির্যাতনে এক জেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির চারজনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার তাঁদের নৌ পুলিশের বরিশাল আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কফিল উদ্দিন।
নৌ পুলিশ ফাঁড়ির চার সদস্য হলেন সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ, কনস্টেবল আবদুস ছাত্তার, সুমন মাহমুদ ও রিয়াজ হোসেন। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের জেলে সুজন হাওলাদারের (৩৫) মৃত্যুর ঘটনায় তাঁদের প্রত্যাহার করা হলো।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রাবনাবাদ চ্যানেলের পাড়ের ঢোস এলাকায় পুলিশের নির্যাতনে সুজনের মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ওই চার সদস্যকে ঢোস এলাকায় প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। এরপর অবরুদ্ধ নৌ পুলিশ সদস্যদের উদ্ধার করে কলাপাড়া থানায় নেওয়া হয়।
এ ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ পুলিশের বরিশাল আঞ্চলিক কার্যালয় ও পটুয়াখালী জেলা পুলিশ। আঞ্চলিক কার্যালয়ের কমিটিকে পাঁচ ও জেলা পুলিশের কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, নৌ পুলিশের দলটি রাবনাবাদ চ্যানেলে নিয়মিত টহল দেওয়ার জন্য বের হয়েছিল। এ সময় একটি ট্রলারে করে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। ট্রলারটিতে নিষিদ্ধ কারেন্ট জাল থাকতে পারে—এমন সন্দেহে ধাওয়া করে নৌ পুলিশ ট্রলারটি ধরে ফেলে। পুলিশের দাবি, কোনো জেলেকেই মারধর করা হয়নি। তারা সুজনকে অচেতন অবস্থায় ট্রলারে পায়।
সুজনের মামা ইব্রাহিম খলিল বলেন, ঢোস এলাকায় তাঁর মাছের আড়ত আছে। বেলা ১১টার দিকে পুলিশের বাঁশির শব্দ পেয়ে আড়ত থেকে পেছনে তাকিয়ে দেখেন, ঘাটে ভেড়া একটি মাছ ধরার ট্রলারের ওপর তিন-চারজন পুলিশ সদস্য দাঁড়িয়ে। আর ট্রলারে পড়ে আছে সুজনের দেহ। এ সময় তিনিসহ কয়েকজন গিয়ে সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ্ বলেন, আজ লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।