কলাপাড়ায় হামলায় আহত ছাত্রলীগ নেতা মারা গেছেন
হামলায় আহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (২২) মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাকিবুল ১০ দিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হামলায় তাঁর কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। রাকিবুলের মামা গাজী মো. মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৮ জুলাই রাত সাড়ে ৯টার সময় রাকিবুল ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। আজিমুদ্দিন গ্রামে জলকপাট এলাকা অতিক্রম করার সময় তিনি হামলার শিকার হন। সন্ত্রাসীরা রাকিবুলকে কুপিয়ে ফেলে রেখে পাশের তেগাছিয়া বাজারে গিয়ে স্থানীয় লোকজনকে বলে কে বা কারা রাকিবুলকে কুপিয়ে জখম করে ফেলে রেখেছে।
স্থানীয় লোকজন রাকিবুলকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে ভর্তি করা হয়। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে আবার তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
হামলার ঘটনার পরদিনই রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে মিঠাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়।
তরিকুল ইসলাম এ ঘটনায় জড়িত সাইফুল ইসলাম ওরফে রায়হান পাহলানের ছোট ভাই। রায়হান পাহলানকেও আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ তরিকুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।
মামলার পর কলাপাড়া থানা-পুলিশ ২৯ জুলাই রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার ও নয়ন বয়াতীকে গ্রেপ্তার করে। পরদিন ৩০ জুলাই গ্রেপ্তার করা হয় রুবেল সিকদার নামের আরেক আসামিকে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।